নোয়াখালীর বেগমগঞ্জে র্যাবের এক অভিযানে ৪২ বোতল বিদেশি মদ ও একটি মিশুক গাড়িসহ কুখ্যাত মাদক কারবারি আরাফাত হোসেন বাবুকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবু ১১টি মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার (৮ মে) দুপুরে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান চালানো হয়। মিতালী বেকারির সামনে সন্দেহভাজন অবস্থায় অবস্থানকালে আরাফাত হোসেন বাবুকে আটক করে র্যাব।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাথে থাকা একটি ব্যাটারিচালিত নীল রঙের মিশুক গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়িটিতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন নামি ব্র্যান্ডের ৪২ বোতল (৩১.৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ হাজার ৫শ টাকা।
গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন বাবু চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার ধনু গাজী বাড়ির ইয়াছিন হোসেনের ছেলে। র্যাবের ভাষ্যমতে, বাবু একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগের আরও ১১টি মামলা রয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর জানান, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ আর আজাদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার