নোয়াখালীর সেনবাগে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে ৩ হাজার ৯শ পিস ইয়াবা ও ইয়াবা তৈরির পাউডারসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা নিজেদের কোলের শিশুকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে এই মাদক পাচার করছিল।
শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।
এর আগে বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী ও র্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা গ্রামের আব্দুল হামিদ (৩২) এবং তার স্ত্রী বেবি আক্তার (২৩)।
অভিযানকালে তাদের তল্লাশি করে ৩ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট। ৮ গ্রাম ইয়াবা তৈরির বিশেষ পাউডার। মাদক কেনাবেচায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দম্পতি স্বীকার করেছে যে, সাধারণত সন্দেহ এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে মাদক পরিবহন করে আসছিল। এই চালানটি তারা চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং এর আগেও একাধিকবার নোয়াখালীর সেনবাগ এলাকায় মাদকের বড় চালান সরবরাহ করেছে বলে তারা স্বীকারোক্তি দিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন পরিদর্শক মো. সাইফুল ইসলাম। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের সেনবাগ থানার মাধ্যমে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।