নেত্রকোণা প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই মাস শূন্য থাকার পর নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. অলিদুজ্জামানকে পূর্বধলার নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মো. অলিদুজ্জামান ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে নেত্রকোণা জেলার মদন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্বে ছিলেন।
গত ১৫ মার্চ পূর্বধলার তৎকালীন ইউএনও মো. আনিসুর রহমান খানের বদলির পর থেকে পদটি শূন্য ছিল। এরপর সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
দীর্ঘ সময় ইউএনও পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমে কিছুটা চাপ তৈরি হয়। ভূমি সংক্রান্ত কাজের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার তদারকি, সরকারি সভা-সমাবেশ এবং শিক্ষা বোর্ড পরীক্ষাসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে অতিরিক্ত চাপ সামলাতে হয় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।
এর আগে স্থানীয়ভাবে প্রশাসনিক শূন্যতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। অবশেষে নতুন ইউএনও পদায়নের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, দ্রুত যোগদানের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রমে গতি আসবে এবং জনসেবামূলক কাজ আরও স্বাভাবিকভাবে পরিচালিত হবে।