দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে, আর ছয়জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়াল
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২১২ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে।
একই সময়ে নতুন করে ২৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯০ জনে।
হাসপাতালে ভর্তি ৩২ হাজারের বেশি
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৩২ হাজার ৮৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ১৫২ শিশু।
মৃত্যু বেড়ে ৩৪৩
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলমান প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিশ্চিত হামে মারা গেছে ৫৮ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৮৫ জন।
সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে।
সতর্কতার আহ্বান
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং জ্বর, র্যাশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে জনসমাগমস্থলে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।