ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রথম বর্ষে (প্রথম মেধাতালিকা) ভর্তির সুযোগ পাওয়া নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে নবাগতদের অভিনন্দন জানিয়ে এবং ক্যাম্পাসকে মুখরিত করে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়।

শুভেচ্ছা মিছিলটির নেতৃত্বে ছিলেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের ১নং সহ-সভাপতি তৌহিদ জামান বিজয় এবং কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ মারুফ। মিছিলটি কলেজ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য প্রদান করেন ১নং সহ-সভাপতি তৌহিদ জামান বিজয়। তিনি নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “পদ-পদবি নয়, সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদা পাশে থাকব ইনশাআল্লাহ।”

এসময় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ মারুফ বলেন, আনন্দ মোহন কলেজের শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে এবং নবাগত শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে ছাত্রদল সজাগ দৃষ্টি রাখবে। দীর্ঘ ঐতিহ্যের এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ছাত্রদল সবসময় সহায়ক ভূমিকা পালন করবে।

মিছিলে আসা নেতাকর্মীরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্যাম্পাসের শৃঙ্খলা ও ছাত্র রাজনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। সাধারণ শিক্ষার্থীদের মাঝে এ সময় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।