দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হওয়ার পর ঢাকায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বরিশালে একজন, ঢাকায় পাঁচজন, খুলনায় একজন, ময়মনসিংহে একজন, রাজশাহীতে দুজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে গত ৪ মে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছিল। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ২৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৯১২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৩৮ শিশু।
এদিকে, একই সময়ের মধ্যে সারা দেশে ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।