দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে মোট ৪২ হাজার ৯৭৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৫ হাজার ৭২৬ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২৯ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৬৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৫৪ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ২৬৩ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।