দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের এখন বেহালদশা। এটি বিজয়নগর উপজেলার প্রধান সড়ক। এছাড়াও এই সড়ক দিয়ে যাতায়ত করেন আখাউড়া উপজেলার লোকজন। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও সড়কটি দেবে গেছে। সড়কের মধ্যে অনেক ছোট-বড় গর্তেও সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি এইসব গর্তে জমে আছে। এতে করে এই সড়ক দিয়ে যানবাহনে চলাচল করতে গিয়ে ভোগান্তি পড়ছেন দুই উপজেলার যাত্রীরা। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটির টেকসই সংস্কার দাবি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ন ও প্রধান সড়ক হচ্ছে চান্দুরা- আখাউড়া সড়ক। সড়কটির দৈর্ঘ্য প্রায় ২৭ কিলোমিটার। এরমধ্যে বিজয়নগর উপজেলার অংশের দৈর্ঘ্য ২২ কিলোমিটার।
জেলার আখাউড়া স্থলবন্দরগামী যানবাহন এবং কুমিল্লা-সিলেটগামী যানবাহনগুলো বিকল্প সড়ক হিসেবে এই সড়কটি ব্যবহার করে থাকে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ না করায় সম্প্রতি টানা বৃষ্টিতে সড়কটির এখন বেহাল দশা। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের সৃষ্টি হওয়া অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে করে পথচারীদের দুর্ভোগ বেড়ে ছে। বিপাকে পড়ছে যাত্রী সাধারণ ও পরিবহন চালকরা। সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থী, রোগী ও বয়স্ক ব্যক্তিরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ন ও প্রধান সড়ক হচ্ছে চান্দুরা- সিঙ্গারবিল সড়কের বিজয়নগর অংশে বেহাল দশা। এর মধ্যে সড়কটির চান্দুরা, সাতগাঁও, আলাদাউদপুর, মির্জাপুর, মোল্লারটেক, পেটুয়াজুড়ি, চম্পকনগর, নোয়াগাঁও মোড়, আদমপুর, খিরাতলা, শ্রীপুর ও সিঙ্গারবিল এলাকায় সড়কের অবস্থা খুবই নাজুক।

সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কটির কোথাও দেবে গেছে, বৃষ্টির পানি জমে এসব গর্ত মরন ফাঁদে পরিনত হয়েছে। এই ভাঙ্গাচুরা সড়ক দিয়ে যাতায়তকালে বিকল হচ্ছে যানবাহন।

এদিকে সড়কের পাশে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের জমে থাকা পানি সরতে পারছে না। অপর দিকে সড়কের অধিকাংশস্থানে সড়ক সংলগ্ন বাড়ির বাসিন্দারা তাদের বাড়ির পানি নিষ্কাশনের পাইপলাইন দিয়ে রেখেছে। যার কারণে বাড়ি-ঘরের পানি জমে সড়কটিতে সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে।

স্থানীয়রা জানান, প্রায় ১ বছর আগে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইটের খোয়া দিয়ে গর্তগুলো ভরাট করা হয়েছিলো। কিন্তু এতে সমাধান হয়নি। টানা বৃষ্টির কারনে বর্তমানে সড়কটির অবস্থা আরো নাজুক।
বিজয়নগরের বাসিন্দা ও এস.এস.সি পরীক্ষার্থী সাদিয়া বেগম বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। এই সড়ক দিয়ে যাতায়ত করতে গিয়ে যানবাহনে বেশী ভাড়া দিতে হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশা চালক রুবেল মিয়া জানান, দীর্ঘদিন ধরেই সড়কটির বেহাল অবস্থা। প্রায়ই সড়কের গর্তে আটতে যাচ্ছে যানবাহনের চাকা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা বিশ্বজিৎ পাল জানান, এই সড়ক দিয়ে প্রায়ই তিনি হবিগঞ্জ জেলার মাধবপুরে যাতায়ত করেন। সড়কটির কঙ্কালসার অবস্থার কারনে যাতায়তে যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি অবিলম্বে সড়কটির সংস্কার কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

উপজেলার চম্পকনগর ও চান্দুরা এলাকার একাধিক বাসিন্দা জানান, আখাউড়া-চান্দুরা সড়কের মধ্যে বিজয়নগর অংশের (চান্দুরা- সিঙ্গারবিল) অবস্থা সবচেয়ে খারাপ। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় এখন পুরো সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, পুরো রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডারের প্রক্রিয়া চলছে।