ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম অধিবেশন শেষ হয়েছে ৩০ এপ্রিল। অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। এই অধিবেশনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা একাধিকবার বক্তব্য দিয়ে এলাকায় উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
সংসদে তিনি মোট আটবার বক্তব্য প্রদান করেন বলে জানা গেছে। প্রতিবারই তিনি পূর্বধলা উপজেলার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রথম বক্তব্যে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য পূর্বধলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পূর্বধলায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু আলোচনা-সমালোচনাও দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্পূরক প্রশ্নে সীমিত সুযোগ থাকায় সে সময় ক্রীড়া খাত সংশ্লিষ্ট বিষয়ই উত্থাপন করা হয়েছিল।
পরবর্তীতে তিনি পূর্বধলা পৌরসভা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন, পূর্বধলা পৌরসভা পূর্বে চালু থাকলেও পরবর্তীতে তা বাতিল হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি উপজেলার কাঁচা সড়কগুলো পাকা করারও দাবি জানান। তিনি সংসদে উল্লেখ করেন, পূর্বধলায় প্রায় ১,০৬৩ কিলোমিটার গেজেটভুক্ত সড়কের মধ্যে প্রায় ৭৯২ কিলোমিটারই কাঁচা, যা বর্ষাকালে জনদুর্ভোগ সৃষ্টি করে।
এছাড়া তিনি পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা ও ধোবাউড়া অঞ্চলের যোগাযোগ সহজ করতে ঢাকা–জারিয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর পাশাপাশি জারিয়া থেকে দুর্গাপুর হয়ে কলমাকান্দা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রস্তাব দেন।
শিক্ষা খাতে তিনি প্রতিটি উপজেলায় একটি করে বালিকা বিদ্যালয়, একটি আলিয়া মাদ্রাসা ও একটি মহিলা কলেজ সরকারিকরণের দাবি জানান। পাশাপাশি কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি শ্রমিক কার্ড ও কৃষিজীবী কার্ড চালুর প্রস্তাবও তুলে ধরেন।
তিনি শ্যামগঞ্জ বাজারে যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান। একই সঙ্গে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট দূর করে সেবা উন্নত করার আহ্বান জানান।
ধলামুলগাঁও ইউনিয়নের ডেওটুকোনা এলাকায় কংস নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিও তিনি সংসদে উত্থাপন করেন, যা পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার যোগাযোগ সহজ করবে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে পূর্বধলা উপজেলার বাসিন্দা মাওলানা শহিদুল ইসলাম বলেন, সংসদে এমপি মাছুম মোস্তফা পূর্বধলার উন্নয়ন নিয়ে যেসব বিষয় তুলে ধরেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বাস্তবায়িত হলে এলাকার জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, “পূর্বধলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যেই জনগণের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে উপস্থাপন করেছি। এখন এসব বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হবে।”