‘শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রেসক্লাব।

রোববার (৩ মে) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

এ সময় বক্তব্য দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সাহিত্য সম্পাদক ইলিয়াস শাহ, নাগরিক টিভির প্রতিনিধি আল আমিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীরা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সাংবাদিকরা নানা ঝুঁকি ও প্রতিকূলতা মোকাবিলা করেও সমাজের বাস্তব চিত্র তুলে ধরছেন। তবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে মুক্ত সাংবাদিকতার পথ বাধাগ্রস্ত হবে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।