দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং উপসর্গ নিয়ে নয়জন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশুর মধ্যে হাম শনাক্ত বা উপসর্গ পাওয়া গেছে। ফলে সংক্রমণ ও মৃত্যুর হার নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত দেড় মাসে (১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত) সারা দেশে মোট ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং ২৪৪ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪০ হাজার ৪৯১ শিশু।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক উপসর্গে ১৫০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৭৬ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।