ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে দুই মহিলা মাদক ব্যবসায়ীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার ও ব্যাটারি চালিত একটি অটোরিকসা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে পৃথক অভিযানে জেলার কসবা উপজেলার বিনাউটি বাজার ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের দৌলতবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার ধ্বজনগর গ্রামের মোঃ জামিল হোসেন-(৫২) ও একই এলাকার মোঃ শাহাজাহান মিয়া-(৫৫), নরসিংদী জেলার সদর উপজেলার দাসপাড়ার শান্তি আক্তার- (৩৫) ও একই এলাকার রুমা আক্তার-(৩৪)।
রোববার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র্যাব-৯, সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের কাছে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জামিল হোসেন ও মোঃ শাহাজাহান মিয়াকে গ্রেপ্তার করে।

অপর অভিযানে বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শান্তি আক্তার ও রুমা আক্তারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিজয়নগর ও কসবা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।