ময়মনসিংহের গৌরীপুরে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক বাবুল মিয়া (৪৫) নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গাওরামগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালক উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাও রামগোপালপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া পেশায় ইজিবাইক চালক। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গাও রামগোপালপুর গ্রাম এলাকায় ইজিবাইক নিয়ে যাত্রী -উঠা নামার জন্য জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বাবুল মিয়া। এসময় ময়মনসিংহ থেকে আসা ঈশ্বরগঞ্জগামী একটি মিনি ট্রাক ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় চালক বাবুল মিয়া সহ ৩/৪ জন আহত হয়। স্থানীয়রা দ্রুত বাবুল মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তাৎক্ষণিক ভাবে অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায় নি।
এদিকে ইজিবাইক চালক বাবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল হাসান বলেন, দুর্ঘটনায় ইজিবাইকের চালক নিহত হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।