সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ছয়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণশ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় চট্টগ্রামগামী কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে রয়েছেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. আলমগীর (৩২), সিলেট নগরের তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাভু আক্তার (২৫), কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার রাজা মিয়া (৪৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপচালক পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।