নেত্রকোনার মদনে মায়ের সঙ্গে অভিমানের জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টার পর অঞ্জু রানী সরকার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অঞ্জু রানী সরকার উপজেলার আরগিলা গ্রামের শ্যামল সরকারের মেয়ে। তিনি মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পড়াশোনা নিয়ে মা সবিতা রানী সরকারের সঙ্গে অঞ্জুর কথা কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার পরিবারের অজান্তে সে কীটনাশক পান করে। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অঞ্জুর মৃত্যুর খবরে পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। যেহেতু শিক্ষার্থীর মৃত্যু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে, তাই সংশ্লিষ্ট থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।