নেত্রকোনার মদন ও খালিয়াজুরী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একান্ত সচিব মির্জা হায়দার, মাহমুদুল হাসান, মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সম্পাদক সাইফ আহমেদ সেকুল, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, আতিকুল ইসলাম সহ সাধারণ সম্পাদক, খালিয়াজুরী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজীব হোসেন, প্রমুখ।

শুক্রবার উপজেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চল ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন তারা।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমি, ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তরা দ্রুত ত্রাণ সহায়তা ও কৃষি প্রণোদনার দাবি জানান।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে মদন ও খালিয়াজুড়ী উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।