শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান ও ইংরেজি ভাষা শিক্ষাদান স্নাতকোত্তর কোর্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত চলবে আবেদন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন।

ইনস্টিটিউট সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার ২ দিন পর ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ১৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে ১০ জুলাই এবং একই দিন থেকে ক্লাস শুরু হবে।

ইন্সটিটিউটটি আরো জানায়, এক বছর মেয়াদি (দুই সেমিস্টার) এই কোর্সের মূল লক্ষ্য হলো দক্ষ ও পেশাগতভাবে প্রশিক্ষিত গ্র্যাজুয়েট তৈরি করা। এই কোর্সের শিক্ষার্থীরা ইংরেজিকে দ্বিতীয় বা বিদেশি ভাষা হিসেবে দক্ষভাবে ব্যবহার, স্কুলকলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদানে পারদর্শিতা অর্জন এবং প্রশিক্ষক হিসেবে শিক্ষাদানে দক্ষতা, মূল্যায়ন ও পাঠ্যক্রম উন্নয়নে বিশেষজ্ঞতা অর্জন করবে। পাশাপাশি গণমাধ্যম ও দেশি-বিদেশি প্রতিষ্ঠানে ভাষা বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সুযোগ এবং অনুবাদ তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।

ভর্তির যোগ্যতা হিসেবে ইংরেজিতে স্নাতকোত্তর বা ইংরেজিতে সম্মান ডিগ্রি, অথবা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কিংবা সম্মান ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। প্রয়োজন হলে অন্যান্য কার্যদিবসে বিকেল ৫টার পর ক্লাস নেওয়া হবে।

আবেদনকারীদের ৫০০ টাকা সোনালী ব্যাংক, শাবিপ্রবি শাখায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত হিসাবে জমা দিয়ে ইনস্টিটিউটের কার্যালয় (এ ভবনের ২২৯ নম্বর কক্ষ) থেকে ফরম সংগ্রহ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা নির্ধারিত কিউআর সংকেত ব্যবহার করেও ফরম সংগ্রহ করা যাবে। পূরণকৃত ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ব্যাংক জমার রসিদ সংযুক্ত করে নির্ধারিত অফিসে জমা দিতে হবে। এছাড়া বিস্তারিত জানতে ০১৩১৩০৯৪২৫০ নাম্বারে যোগাযোগ করার জন্য জানিয়েছেন কর্তৃপক্ষ।