ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বাবুল। এর আগে গত ৮ এপ্রিল তেল কেলেঙ্কারীর ঘটনায় কমিটির সদস্য সচিব হাফেজ মো: আজিজুল হক বহিস্কার হওয়ায় সংগঠনের ভারসাম্য রক্ষায় আব্দুর রহমান বাবুলকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে স্থলাভিসিক্ত করা হয়েছে। এ খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতরাতে উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়।

মোতাহার হোসেন তালুকদার বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করতে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নয়া দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এক প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংগঠনিক কর্মকান্ডে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি চেষ্টা করবো দলের সুনাম বৃদ্ধি করতে। এক্ষেত্রে আমি সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র নির্বাচন করায় এবং একটি সংর্ঘষের ঘটনায় সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তিনি বহিস্কার হন। এরপর সম্প্রতি তেল কেলেঙ্কারীর ঘটনায় কমিটির সদস্য সচিব বহিস্কার হওয়ায় দু’টি পদেই ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।