ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব ও বিজিবির যৌথ অভিযানে আনুমানিক ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জিরাবাহী একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় জেলার বিজয়নগর উপজেলার মনিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আজিমাবাদ গ্রামের মোঃ পাভেল- (২১) ও একই এলাকার মোঃ সুলতান আহমেদ-(২৬)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে র্যাব ও বিজিবির সদস্যরা বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে টান মনিপুর এলাকায় চেকপোষ্ট বসায়। পরে সেখানে একটি মিনি ট্রাককে থামানোর সিগন্যাল দিলে ট্রাক থেকে দুই চোরাকারবারী নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরে তাদের তথ্য মতে ট্রাকে তল্লাশী চালিয়ে ৭৭টি বস্তায় রাখা ২৩১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয় ও জিরাবাহী ট্রাকটিকে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয় ও গ্রেপ্তারকৃতদেরকে থানায় হস্তান্তর করা হয়।