রংপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাইক্রোবাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার বাঁশেরতল ব্যাপারীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে যাত্রীবাহী মাইক্রোবাসটি কুড়িগ্রামের দিকে ফিরছিল। পথে নাগেশ্বরীর বাঁশেরতল ব্যাপারীর হাট এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে মোছা. সাদিয়া (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৮), মো. নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। লিমন মাইক্রোবাসটির চালক ছিলেন বলে জানা গেছে।

স্বজনরা জানান, শামীম হোসেন তার অসুস্থ মেয়ে সাদিয়াকে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনায় বাবা ও মেয়ে দুজনই প্রাণ হারান। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দুর্ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে এবং নিহতদের পরিবারগুলোর ওপর নেমে এসেছে অপূরণীয় ক্ষতি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন,
“দুর্ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”