নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক, সাবেক সভাপতি ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, রামদাসখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া, বালালী বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কাসেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় বালক বিভাগে জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বালিকা বিভাগে নায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জঙ্গল ডেমারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।

বিজয়ী দুটি দল পরবর্তীতে নেত্রকোনা জেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

খেলা পরিচালনা করেন নূরুল কবির গোলাপ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।