নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তহুরা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের মধ্যে যেকোনো সময় নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তহুরা গাইবান্ধা জেলার সাঘাটা থানার ভাঙ্গা মোর এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী। জানা যায়, তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে নেত্রকোনা যাওয়ার পথে ভবের বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ি বেপরোয়া ভাবে সিএনজিটিকে জোরে ধাক্কা দেয়। এতে তহুরা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।