মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বড় ধরনের পতন হয়েছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে।
বুধবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে ২৮ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে একই অঙ্কে দ্বিতীয় দফা মূল্য হ্রাস পেল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বেড়েছে এবং ২৬ দফা কমেছে।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় সরবরাহ পরিস্থিতির প্রভাবেই দেশের স্বর্ণবাজারে ঘন ঘন এই মূল্য সমন্বয় দেখা যাচ্ছে।