রংপুর থেকে ‎চিকিৎসা শেষে বাড়ি ফেরার কথা ছিল ছোট্ট শিশু সাদিয়ার। কিন্তু আর ফেরা হলো না। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবনসহ আরও দুইজনের প্রাণ।

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাট এলাকার বাঁশেরতল সড়কে মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।

‎নিহতরা হলেন—শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী, শামীমের মেয়ে সাদিয়া এবং মাইক্রোবাস চালক লিমন।

‎স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, নুরনবী ও সাদিয়া সম্পর্কে চাচা-ভাতিজি। তারা চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

‎পুলিশ জানায়, ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

‎দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎স্থানীয়দের দাবি, ওই সড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
‎“দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”