মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এ কমিটিতে সভাপতি করা হয়েছে আসিফ খন্দকারকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে লন্ডনপ্রবাসী প্রকৌশলী সাইদুর রহমান সাঈদকে।

কমিটিতে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। তবে সাইদুর রহমান সাঈদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামের সন্তান সাইদুর রহমান সাঈদ বর্তমানে পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে নিজ এলাকার খোঁজখবর রাখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

ব্যক্তিগত তহবিল থেকে তিনি ইতোমধ্যে এক ভ্যানচালককে ছিনতাই হওয়া অটোরিকশার পরিবর্তে নতুন অটোভ্যান প্রদান করেছেন। এছাড়া মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন।

জানা যায়, তিনি প্রবাসে থেকেও বহু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তার এমন মানবিক কর্মকাণ্ড সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এমন একজন মানবিক ব্যক্তিকে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক করায় স্বস্তি প্রকাশ করেছেন সমাজের সচেতন মহল।

যোগাযোগ করা হলে সাইদুর রহমান সাঈদ বলেন, “ভোগ-বিলাসই জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। শুধু নিজে ভালো থাকার নাম জীবন নয়। আমি চাই, আমিও ভালো থাকব, আমার সমাজের মানুষও ভালো থাকবে।”

তিনি আরও বলেন, “মানুষের কষ্ট দেখলে আমি ও আমার পরিবার এগিয়ে যাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন মানবিক কাজ করে যাব।”

হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।