বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন বলেছেন, দেশের উন্নয়নে প্রান্তিক পর্যায়ের কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী—সকলকে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোতে জনগণ এখনো আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। যত বেশি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসবে এবং আর্থিক লেনদেনে অভ্যস্ত হবে, ততই জীবনমান উন্নত হবে। এর মাধ্যমে সর্বক্ষেত্রে স্বচ্ছতাও নিশ্চিত করা সম্ভব হবে।

সরকারের একার পক্ষে এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ময়মনসিংহ অঞ্চলে এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এ আয়োজন।

প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরা ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে উত্তরা ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. ফখরুল আলমের সভাপতিত্বে এ কার্যক্রমের আয়োজন করে পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধ সকল তফসিলি ব্যাংক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইকবাল মহসিন এবং উত্তরা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম। এছাড়াও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক ও শাখা প্রধানরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে উত্তরা ব্যাংক ময়মনসিংহ কার্যালয়।

অনুষ্ঠানে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে ময়মনসিংহ জেলার ১৫১ জন প্রান্তিক গ্রাহকের মধ্যে ২ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।