সামান্য ১০ মিলিমিটার বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই স্বল্প বৃষ্টিতেই প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় হাঁটুসমান পানি জমে যায়।

সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় প্রবর্তক মোড় এলাকায়। সড়কে পানি জমে যানবাহনের গতি প্রায় থেমে যায়। পথচারীদের চলাচলও হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও স্বজনরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।

ভোগান্তিতে পড়া পথচারী একরাম হোসেন বলেন, পানির কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতালে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবিনি।

সংশ্লিষ্টদের মতে, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়া নগরীর ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতারই ইঙ্গিত দেয়। পানি নিষ্কাশনে সমন্বিত উদ্যোগের ঘাটতি এবং নালা-খাল ব্যবস্থাপনায় সমস্যা পরিস্থিতিকে জটিল করছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।