‎নোয়াখালীর সুবর্ণচরে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়।

‎‎মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

‎নিহত তানজিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে তানজিনা বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী,জনপ্রতিনিধি, পুলিশ ও গণমাধ্যমকে জানান, তিনি ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পায়নি। পরে বিষয়টি খতিয়ে দেখে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়।

‎সুবর্ণচর থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছিল বজ্রপাতে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানা গেলো মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ভুল তথ্য দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।