ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকা উপজেলার ভায়াবহ গ্রামের সাংবাদিক ও ভালুকা প্রেসক্লাবের সদস্য হারুন অর রশিদের কৃষি খামারে হামলা চালিয়ে প্রায় এক হাজার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি গতকাল সোমবার (২৭ এপ্রির) দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের দরগার চালা এলাকায় মাওলানা হারুন অর রশিদের কৃষি খামারে।

খামার মালিক হারুন অর রশিদ জানান,ভায়াবহ গ্রামে ক্রয়কৃত এসএ ৬৬৮, ৬৬৭ নম্বর দাগে তার ৫৪ বিঘা জমির রয়েছে। ৩৩ বিঘা জমিতে কলা চাষ করা হয়েছে। কলা প্রায় বিক্রি উপযোগী হয়েছে। সোমবার দুপুরে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী দাঁ,লাঠি নিয়ে খামারে হামলা করে কলাসহ প্রায় এক হাজার কলা গাছ কেটে বেশীর ভাগ কলা লুট করে নিয়ে যায়।

জমি নিয়ে কারো সাথে কোন বিরোধ নেই। আমি সাংবাদিকতার পাশাপাশি কৃষি খামার করেছি। আমার অপরাধ আ,লীগ করি। মামলার কারনে আমি এলাকায় থাকতে পারিনি। স্থানীয় কিছু চাঁদাবাজ চাাঁদা দাবী করলে না দেয়ার কারনে তারা আমার ক্ষতি করার পায়তার করছে। কলা গাছ কেটে নষ্ট করে দেয়ায় আমার প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

খামারের কেয়ারটেকার শামছুদ্দিন ফকির জানান,৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল দাঁ,লাঠি নিয়ে খামারে প্রবেশ করে কলাগাছ কাটতে শুরু করে। আমি বাধা দিলে তারা আমাকে ভয় দেখিয়ে সকল লেবার নিয়ে খামার থেকে চলে যেতে বলে। আমাকে হুমকি দেয় খামার ছেড়ে না গেলে তোর অনেক বিপদ হবে।