রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে এবং উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন।
সম্প্রতি মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্ষতিগ্রস্ত হকারদের জন্য সরকার বিকল্প জায়গার ব্যবস্থা করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হয়।
যানজট নিরসনের বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে চাপ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ। এ সমস্যা সমাধানে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের প্রস্তাবও দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন শহীদুল হাসান, রিয়াজুল ইসলাম, আবদুস সালাম, শফিকুল ইসলাম খান, মো. সরওয়ার এবং আনিছুর রহমান।