তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিশুদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, খেলাধুলা শিশুদের সুস্থ বিকাশের পাশাপাশি তাদের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ তৈরি হয়, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় পর্যায়ের এই ধরনের প্রতিযোগিতা থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরি হবে।

তিনি আরও বলেন- বিএনপি সরকার অনান্য বিষয়ের পাশাপাশি খেলাধুলার ব্যাপারেও জোর দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড চালু করা করেছেন। এর মাধ্যমে ক্রীড়াবিদরা আর্থিক সহ নানান সুবিধা পাবেন। খেলাধূলার প্রসারে দেশের বিভিন্ন এলাকায় মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক পল্লব রায় এবং পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যরা।