মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে নেত্রকোনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভায় শ্রমিকদের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রতীক। এ দিবসকে সামনে রেখে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মে দিবসে র্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে।