নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রায় দুই মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে জনসেবা, উন্নয়ন কার্যক্রম এবং দাপ্তরিক সমন্বয়ে চাপ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ ইউএনও মো. আনিসুর রহমান খানের বদলির পর সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজ দপ্তরের নিয়মিত কাজের পাশাপাশি ইউএনওর অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে তাকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে পালন করতে হচ্ছে।

বর্তমানে ভূমি ব্যবস্থাপনা, উপজেলা প্রশাসনের সার্বিক তদারকি, বাজার মনিটরিং, জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি অনুষ্ঠান, জাতীয় দিবস পালন, বিভিন্ন সভা-সমন্বয় বৈঠক এবং চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা তদারকিসহ বিস্তৃত দায়িত্ব তার ওপর বর্তেছে।

বিশেষ করে সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবেলায় উপজেলার পেট্রোল পাম্পগুলোতে সরাসরি উপস্থিত থেকে তদারকি করতে হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি সন্ধ্যার পর দোকানপাট বন্ধের নির্দেশনা বাস্তবায়নেও প্রশাসনিক নজরদারি অব্যাহত রয়েছে। এতে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে চাপ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, একজন কর্মকর্তার ওপর একাধিক দপ্তরের দায়িত্ব থাকায় অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও সেবা প্রদানে বিলম্ব হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত একজন পূর্ণাঙ্গ ইউএনও পদায়নের দাবি জানিয়েছেন উপজেলাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান বলেন, “একাধিক দায়িত্ব একসঙ্গে পালন কিছুটা চ্যালেঞ্জিং হলেও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে দ্রুত ইউএনও পদায়নের আশ্বাস পাওয়া গেছে।”

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, পূর্বধলায় দ্রুত ইউএনও নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিগগিরই পদায়নের বিষয়ে ইতিবাচক ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।