“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়।

উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পূর্বধলা এপি এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও পুষ্টি কমিটির সদস্যরা অংশ নেন।

উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং, টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. শাহ সাঈদ ইবনে আজিজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্ব প্রিয় মজুমদার, মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, পুষ্টি বৈষম্য দূর করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর সঙ্গে সামাজিক সচেতনতা ও সমন্বিত অংশগ্রহণ জরুরি। বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত, সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় জানানো হয়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত উপজেলায় সচেতনতামূলক প্রচার, পরামর্শ সেবা, পুষ্টি শিক্ষা কার্যক্রম এবং মা-শিশু স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, পুষ্টি ঘাটতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগই টেকসই পরিবর্তন আনতে পারে। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।