নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন – সুমন মিয়ার শিশু কন্যা সাইফা আক্তার (২), তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। এদিকে দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে- দুই শিশু বাড়ির পাশেই খেলাধূলা করছিল। পরিবারের অজান্তে পাশের বাড়ির আঙ্গিনায় পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। বিকালের দিকে দুই শিশুকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করে। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্মব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের কর্মব্যরত চিকিৎসক ডা: আহাদ বলেন – সন্ধ্যার দিকে পানিতে পড়ে যাওয়া দুই শিশু হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন – পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আপত্তি না থাকায় বিনাময়নাতন্তে দাফন করা হয়েছে।