জামালপুরে ডিজিটাল চোখ (সিসি ক্যামেরা) কড়া নজরদারীতে এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জেলার সাতটি উপজেলায় ৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিমা জানান, এসব কেন্দ্রে মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৫৫টি কেন্দ্রে ৩০ হাজার ৭৮ জন, দাখিল পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ৫ হাজার ৩২১ জন এবং ভোকেশনালসহ এসএসসি সমমানের পরীক্ষায় ১৭টি কেন্দ্রে ৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিমা, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে।