জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নতুন করে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৫৩ মিনিটে সানরিকু উপকূলের কাছাকাছি সমুদ্রতলে এই ভূমিকম্পটি আঘাত হানে, যার প্রাথমিক মাত্রা ৭.৯ হিসেবে জানানো হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়। ভূকম্পনের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পটির তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিও পর্যন্ত এর কম্পন অনুভূত হয়। জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, উপকূলীয় অঞ্চলে স্বল্প সময়ের মধ্যেই তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে—এমন আশঙ্কায় স্থানীয় প্রশাসন দ্রুত সতর্কতা জারি করে।
আবহাওয়া সংস্থা উত্তর জাপানের বিস্তৃত উপকূলীয় এলাকায় সতর্ক সংকেত দিয়েছে। এর মধ্যে হোকাইডো এবং ইওয়াতে অঞ্চলের কিছু অংশকে তুলনামূলকভাবে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
ভূমিকম্পের পর পারমাণবিক নিরাপত্তা নিয়েও নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হয়নি। তবে কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামি পরিস্থিতি ও উপকূলীয় ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
