ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ আগামী সাত দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি শনিবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরে এ জাওয়াতকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।শনিবার (১৮ এপ্রিল)বিষয়টি দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।