কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস,এম ফরহাদ হোসেনের নির্দেশে জেলাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। ১৭ এপ্রিল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসা, ছিনতাই এবং চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ও অভিযোগ ছিল। মাদকবিরোধী তৎপরতায় বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামিও রয়েছেন।আরেক আসামী জয় পোদ্দারের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪ টি মাদকের মামলা রয়েছে।আইনের চোখ ফাঁকি দিয়ে সে বারবার বের হয়ে আসে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।