সীমান্ত থেকে দুই ব্যক্তিকে আটকের পর তাদের কাছ থেকে ভারতীয় ৮ হাজার ৫০ রুপি জব্দের তথ্য জানিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পুলিশের কাছে হস্তান্তর করা জব্দ তালিকায় ওই ভারতীয় মুদ্রার কোনো উল্লেখ নেই। শুধু তাই নয়, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় আটক ওই দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না করেই পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে গাংনী থানা পুলিশ। বিজিবির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি ও পুলিশের বক্তব্যের এমন অসংগতিতে জব্দ করা অর্থের হিসাব, হেফাজত ও হস্তান্তর প্রক্রিয়া এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
গত ৫ নভেম্বর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মেহেরপুরের ধলা সীমান্তে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৫/৭ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় টহল পরিচালনার সময় দুই ব্যক্তিকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে এমরান হোসেন (২৩) এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সামছুল হকের ছেলে রেজাউল করিম (২৭)।
ঘটনার দিন ৫ নভেম্বর ৪৭ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এক বাংলাদেশি অজ্ঞাতপরিচয় দালাল তাদের ভারত হয়ে পর্তুগালে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে প্ররোচিত করেন। পরে ওই দালাল তাদের অন্য একজন দালালের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে ধলা মাঠ এলাকায় রেখে পালিয়ে যান।
বিজিবির ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকের সময় তাদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় ৮ হাজার ৫০ রুপি, বাংলাদেশি ৪ হাজার ২০২ টাকা, দুটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও একটি হাতঘড়ি জব্দ করা হয়েছে।
তবে বিজিবির বিজ্ঞপ্তিতে জব্দ করা ভারতীয় মুদ্রার উল্লেখ থাকলেও পুলিশের কাছে দেওয়া জব্দ তালিকায় তা না থাকার বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে জানতে কুষ্টিয়া ৪৭ বিজিবির মিডিয়া মনিটরিং সেলে যোগাযোগ করা হলে সেখান থেকে ঘটনাস্থল সংশ্লিষ্ট ধলা বিওপি ক্যাম্প কমান্ডারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।
পরে ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা আমাদের সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করে তাদের থানায় সোপর্দ করেছি। অবৈধ অনুপ্রবেশের চেষ্টার জন্য তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা।’
অন্যদিকে, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘বিজিবি আমাদের কাছে যে জব্দ তালিকা দিয়েছে, তাতে কোনো ভারতীয় মুদ্রার উল্লেখ ছিল না। এজন্য আমরা আটক দুইজনের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দিয়ে দিয়েছি।’
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ৮ হাজার ৫০ রুপি জব্দের তথ্য থাকলেও পুলিশের কাছে দেওয়া তালিকায় তা না থাকার কারণ সম্পর্কে দুই পক্ষের বক্তব্যে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। জব্দ করা ওই অর্থ কোথায় রয়েছে, তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল কি না এবং হস্তান্তরের সময় অর্থের হিসাব কীভাবে নথিভুক্ত করা হয়েছে, সেসব প্রশ্নেরও স্পষ্ট উত্তর মেলেনি।
এদিকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা জানিয়েছেন বিজিবি ক্যাম্প কমান্ডার। অথচ পুলিশ বলছে, জব্দ তালিকায় ভারতীয় মুদ্রার উল্লেখ না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা, সাধারণ ডায়েরি কিংবা অন্য কোনো তদন্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছিল কি না, সেটিও স্পষ্ট করেনি পুলিশ।
আইন কী বলছে
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার অননুমোদিত লেনদেন, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা এবং বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা বা মানব পাচারের অভিযোগের ক্ষেত্রে পৃথক আইনি বিধান রয়েছে।
‘দি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’-এর ২৩ ধারায় আইনটির বিভিন্ন বিধান লঙ্ঘনের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে, বৈধ ইমিগ্রেশন প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং পাসপোর্ট ও বহির্গমনসংক্রান্ত বিধান লঙ্ঘনের বিষয়টি ‘বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ এবং প্রযোজ্য অন্যান্য আইনের আওতায় তদন্তযোগ্য হতে পারে। একই সঙ্গে বৈধ কাগজপত্র ও সরকারি অনুমোদন ছাড়া বিদেশে যাওয়ার চেষ্টা এবং অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখানোর ঘটনায় ‘বৈদেশ…
