পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার সকালে শহরের ডিবি রোডে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মৃত্যুবরণ করেন। তাঁর জানাজা ও দাফনে একটি গোষ্ঠীর বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মানিক পশারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকার সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন, আফজাল হোসেন, গীরেন্দ্র নাথ, শাহিদুল আলম তোতা ও আব্দুর রহমানসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করার অর্থ বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের ইতিহাসকে অস্বীকার করা। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
তাঁরা আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধের পরিপন্থী।
বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।