বৃষ্টির সময় বিলের পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন কিশোর ও তরুণ। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন, আহত হন আরও তিনজন।

পাবনা সদর উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি ঘরে আশ্রয় নেন। ঘরটি পলিথিন দিয়ে তৈরি ছিল। এ সময় ওই ঘরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আশ্রয় নেওয়া ছয়জন ঘটনাস্থলেই মারা যান।

চেয়ারম্যান আরও জানান, নিহত ব্যক্তিদের সবাই কিশোর ও তরুণ। বজ্রপাতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।