ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, জুয়া খেলা ও বিভিন্ন পরোয়ানাসহ সর্বমোট ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা পুলিশের পৃথক কয়েকটি টিম এসব অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী অভিযানে এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে ধীতুয়া এলাকায় সূর্যের খাদ্য মিলের সামনের পাকা রাস্তা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন মিয়া (৩৫), মোঃ বাবলু মিয়া (৩০) ও মোঃ শরীফ হোসেন (৪২) নামের ৩ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে জুয়া বিরোধী অভিযানে এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে দাওগাঁও এলাকায় কাছেদের নির্মাণাধীন বসতঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় মোঃ নাসির উদ্দিন (৫০), মোঃ আব্দুল মান্নান (৬০), মোঃ আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মোঃ মোশারফ হোসেন (৩৪) নামের ৬ জনকে আটক করে পুলিশ। এছাড়া মুক্তাগাছা পৌরসভাধীন মধ্যহিস্যা প্রাইমারি স্কুলের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় মোঃ খাইরুল ইসলাম (৪৫) ও মোঃ মোশারফ হোসেন (৩২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়।

একই সাথে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালত থেকে জারি করা ওয়ারেন্টভুক্ত আরও ৪ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।