ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আক্কাস মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশে ফুটবল খেলছিল। সেই সময় খেলার বলটি পুকুরে পড়লে তারা বলটি আনতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারী হেঁটে যাওয়ার সময় নিহত দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।