শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ৪৪৬টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ৮৮২ জন সদস্য।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানমের নেতৃত্বে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা তদারকি জোরদার করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্বরত সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিচ্ছেন।
এ ছাড়া দর্শনার্থীদের নিরাপদ চলাচল, শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।
নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বরত সদস্যদের ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে জেলার সব পূজামণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আনসার-ভিডিপির সার্বক্ষণিক তদারকি অব্যাহত থাকবে।