ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিলডোরা ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আলী আকবর খান। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিলডোরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী আকবর খান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, বিলডোরা সাম্প্রদায়িক সম্প্রতির একটি ইউনিয়ন। এখানে যে যেই ধর্মেরই হোক না কেন সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মালম্বীদের শান্তিপূর্ণ পূজা উদযাপনে কঠোর নির্দেশনা দিয়েছেন।
সেই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আপনাদের পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য খোঁজখবর নিচ্ছে। তিনি দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় পর্যায়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
