ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৯টি মন্দিরে উপহার ও আর্থিক সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের উদ্যোগে নগদ অর্থ, পৌরসভার আর্থিক সহায়তা এবং সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আখাউড়ার শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী নাছির উদ্দিন হাজারী। বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি বাহার মিয়া, উপজেলা বিএনপি নেতা শওগত হোসেন খান সোহাগ, মন্তাজ মিয়া ও শেখ আমজাদ হোসেন বাবু।
এ সময় আরও বক্তব্য দেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুটন বণিক।
অনুষ্ঠানে ৮০ জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এ ছাড়া সংসদ সদস্য মুশফিকুর রহমানের দেওয়া এক লাখ টাকা এবং আখাউড়া পৌরসভার দেওয়া ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।
এর আগে রোববার (১৮ অক্টোবর) বিকেলে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অসহায় সনাতন ধর্মাবলম্বী ২০ নারীর হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন পৌর প্রশাসক তাপসী রাবেয়া।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মন্দির ও সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে শুভেচ্ছা ও সহযোগিতা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এসব উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।