সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে প্রায় ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৩০ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি বিস্ফোরক ও ডেটোনেটর জব্দ করা হয়েছে।
সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এসব অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৫৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা।
এদিকে, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে পরিচালিত অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর এবং ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।