‎দেশব্যাপী মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রীর ঘোষিত নির্দেশনার অংশ হিসেবে নোয়াখালী পৌরসভার উদ্যোগে এক বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
‎
‎​শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিনে জেলা শহরের ঐতিহ্যবাহী অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস, মাইজদী বাজারের কাঁচাবাজার, জেলখানা রোড এবং প্রধান সড়কের নাপিতের পুল এলাকা পর্যন্ত ময়লা-আবর্জনা পরিষ্কার ও ওষুধ ছিটানো হয়।
‎
‎​পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত এই বিশেষ কর্মসূচির প্রথম পর্যায় অক্টোবর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতি সপ্তাহের শনিবার এই বিশেষ অভিযান পরিচালিত হবে। এর পাশাপাশি পৌরসভার দৈনন্দিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলমান থাকবে।
‎
‎​অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনি, পৌর নির্বাহী কর্মকর্তা খাঁন মোহাম্মদ ফারাভী, প্রশাসনিক কর্মকর্তা হাসান বশরী এবং পরিচ্ছন্ন পরিবেশক আবদুল ওহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎​কর্মসূচি সম্পর্কে পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী জানান, পরিচ্ছন্নতাকর্মী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৮০ জনের একটি দল একযোগে এই কর্মসূচিতে অংশ নেন। প্রথম ধাপে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা শহরের প্রধান সড়কসহ সোনাপুর এলাকা পর্যন্ত এ কার্যক্রম সম্প্রসারিত করা হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার আমরা নিয়মিত এই বিশেষ অভিযান চালাব।
‎
‎​এদিকে ডেঙ্গু সংক্রমণ রোধে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করায় পৌরসভার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। মশার উপদ্রব ও ডেঙ্গু ঝুঁকি কমাতে এ ধরনের সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম যেন সারা বছর দেশব্যাপী অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা স্থানীয় পৌরবাসীর।
‎