জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দুর্দান্ত বোলিং করছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তাঁর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭ ওভারে ২৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তিনটি উইকেটই শিকার করেছেন তাসকিন।
ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন। ওভারের ষষ্ঠ বলে লেগ বিফোর উইকেটের (এলবিডব্লিউ) ফাঁদে পড়ে ফিরে যান ব্রায়ান বেনেট। রিভিউ নিয়েও রক্ষা পাননি জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। তখনো রানের খাতা খুলতে পারেনি দলটি।
এরপর ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম বলেই আবার আঘাত হানেন তাসকিন। এবার তাঁর শিকার বেন কারেন। ১১ বলে ৬ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। প্রথম উইকেটের মতো এ সিদ্ধান্তের বিরুদ্ধেও রিভিউ নেয় জিম্বাবুয়ে। তবে এবারও সিদ্ধান্ত বদলায়নি।
তাসকিনের তৃতীয় শিকার তাফাদজা সিগা। শর্ট বলে পুল করতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি তিনি। বলটি অনেকক্ষণ বাতাসে ভেসে থাকার পর উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে জমা পড়ে। এভাবে ৭ ওভারে ২৪ রান তুলতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশের হয়ে নিয়মিত অধিনায়ক লিটন দাসের টস করার কথা থাকলেও শেষ মুহূর্তে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান তিনি। তাঁর পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহিদ হৃদয়।
জ্বরের কারণে এই ম্যাচে খেলছেন না মেহেদী হাসান মিরাজও।
বাংলাদেশের একাদশে রয়েছেন তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।
